সোনামুড়ায় রাজ্য হ্যান্ডলুম এক্সপো শুরু স্বদেশী বস্ত্র শিল্পের পণ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সরকার এধরণের মেলার আয়োজন করে চলেছে: হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী, ২০২৬: আজ থেকে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে রাজ্য হ্যান্ডলুম এক্সপো (হাতকার খা মেলা) ২০২৫-২৬ শুরু হয়েছে। ১৪ দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করেন রাজ্যের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প এবং জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক্সপো চলবে।

এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬০টি স্টল এবং বহি:রাজ্য থেকে ১০টি স্টল খোলা হয়েছে। স্টলগুলিতে রাজ্যের তাঁত এবং বস্ত্রজাত পণ্য এবং ভারতের বিভিন্ন প্রান্তের প্রাণবন্ত বয়ন ঐতিহ্য ও কারুশিল্পকে তুলে ধরা হয়েছে।

ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের আর্থিক সহযোগিতায় এবং ত্রিপুরা হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর ও সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা ঐতিহ্যবাহী শিল্পকলা সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত করে তাঁত শিল্পকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

তিনি বলেন, হস্তচালিত তাঁতশিল্প আমাদের জনজাতি মানুষের সাংস্কৃতিক গর্ব। মেলার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, মেলা মানে মিলন। স্বদেশী বস্ত্র শিল্পের পণ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার এধরণের মেলার আয়োজন করে চলেছে। তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ম্ভর হওয়ার জন্য কৃষি ক্ষেত্রের পরেই হস্ততাঁত শিল্পের স্থান রয়েছে।

একে এগিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে।

এক্ষেত্রে আমাদের প্রতিটি ক্ষেত্রকে আত্মনির্ভর করে তুলতে হবে। এর মধ্যে অন্যতম হল স্বদেশী বয়ন শিল্পকে বিকশিত করে তোলা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, আগরতলার উইভার্স সার্ভিস সেন্টারের উপ অধিকর্তা অর্ণব চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতি তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন রাজ্যের হ্যান্ডলুম, হ্যান্ডিক্র্যাফট ও সেরিকালচার দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা অজিত শুক্ল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, বিধায়ক বিন্দু দেবনাথ, তফাজ্জ্বল হোসেন, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক রাজু দেব, সমাজসেবী উত্তম দাস, শুভ্রজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Comment