অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রজাতন্ত্র দিবস আমাদের জাতির জন্য একটি অত্যন্ত বিশেষ দিন। ভারতীয় গণপরিষদ ২৬ শে নভেম্বর, ১৯৪৯ সালে ভারতের সংবিধান গ্রহণ করেছিল।
পরবর্তীতে এটি ২৬শে জানুয়ারি, ১৯৫০ তারিখে কার্যকর হয় এবং ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করে, যা ভারতের সকল নাগরিকের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এটি কেবল একটি জাতীয় উদযাপন নয়, এটি সেই দিনটির প্রতি শ্রদ্ধাঞ্জলি যেদিন আমাদের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রূপ দিয়েছিল। এই শুভদিনে, আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী, রাজ্য এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সকল সদস্যকে আমাদের বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই, যারা স্থল, সমুদ্র এবং আকাশে আমাদের সীমান্ত রক্ষা করছেন এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে অভ্যন্তরীন নিরাপত্তা দেখাশোনা করছেন। ভারত সরকার উত্তর-পূর্ব অঞ্চল এবং ভারতের অবশিষ্ট অংশের সাথে ত্রিপুরা রাজ্যের অগ্রগতি ও উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
সেই লক্ষ্যে আমার সরকার নতুন ত্রিপুরা গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই শুভদিন উপলক্ষে আসুন আমরা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্বের জন্য এবং রাজ্যকে উজ্জ্বল ও সমৃদ্ধ করার লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করার শপথ গ্রহণ করি।”








