রাজ্যের খেলোয়াড়দের সুবিধার্থে ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হচ্ছে: ক্রীড়ামন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৬: রাজ্যে একসময় যারা স্বনামধন্য খেলোয়াড় ছিলেন তাদের নামে রাজ্যে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোগুলির নামকরণ করা হচ্ছে। এরমধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে, তাদেরকে সম্মান জানানো হচ্ছে। আজ ধর্মনগরে নবনির্মিত গৌর শেখর রায় ইন্ডোর স্পোর্টস হলের দ্বারোদঘাটন করে এই কথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায়।

ধর্মনগরের বিবিআই ময়দানের বিপরীতে এই ইন্ডোর হলটি নির্মাণ করা হয়েছে। এই ইন্ডোর হল নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকা। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় বলেন, বর্তমান সরকার রাজ্যের খেলোয়াড়দের সুবিধার্থে ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করছে।

২০১৮ সালের আগে রাজ্যে একটিও আন্তর্জাতিক মানের সিন্থেটিক মাঠ ছিলনা, কিন্তু বর্তমান সরকার রাজ্যে অনেকগুলি সিন্থেটিক মাঠ তৈরি করেছে। একটা সময় রাজ্যে রাতের বেলায় ফুটবল খেলার সুযোগ ছিলনা। কিন্তু বর্তমান সরকার রাজ্যের উমাকান্ত মাঠে ফ্লাড লাইট-এর ব্যবস্থা করেছে। যেখানে দিবারাত্র খেলা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, রাজ্যের প্রতিভাবান খেলোয়াড় যারা জাতীয়স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় গোল্ড মেডেল পাচ্ছে তাদের ১ লক্ষ টাকা, সিলভার মেডেল হলে ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ মেডেল হলে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। প্রতিভাবান খেলোয়াড়দের কোচিং এর জন্য আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে।

জনজাতি এলাকা, গ্রামীণ ও শহর এলাকা অর্থাৎ রাজ্যের প্রতিটি এলাকাতে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। ধর্মনগরে আজ যার নামে স্পোর্টস হলের নামকরণ করা হয়েছে সেই গৌরী শেখর রায় ধর্মনগরের একজন খেলোয়াড় ছিলেন, যিনি জাতীয়স্তরে রাজ্যের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেছিলেন। ধর্মনগরের হাফলং-এ একটি ফুটবল মাঠ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরজন্য ৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ, জেলাশাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, সমাজসেবী কাজল কুমার দাস, সমাজসেবী শ্যামল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং।

Leave a Comment