জাতীয় ভোটার দিবস উদযাপন

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী, ২০২৬:  ত্রিপুরা মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আজ প্রজ্ঞাভবনে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। এবছরের জাতীয় ভোটার দিবসের মূল ভাবনা হচ্ছে ‘আমার ভারত, আমার ভোট’।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পান্ডে বলেন, ভোটদান একটি মহত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে আমরা সরকার গঠনে মতদান করতে পারি। এই অধিকার আমাদের সকলের সাংবিধানিক অধিকার।

নির্বাচন দপ্তরের কাজ হলো প্রত্যেক যোগ্য ভোটারকে চিহ্নিত করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা এবং ভোটাররা যাতে নির্ভীকভাবে ভোটদান করতে পারেন সে ব্যবস্থা করা। এই উদ্দেশ্যেই প্রতিবছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার বলেন, ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন পরিকাঠামোকে মজবুত ও স্বচ্ছভাবে পরিচালনার জন্যই নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রতিবছর জাতীয় ভোটার দিবস উদযাপনের মাধ্যমে নতুন ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে ১৪ জন নতুন ভোটারের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়াও অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার ও ইন্টারন্যাশনাল প্যারা সুইমার সমীর বর্মনকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষাজেন মগ এবং সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস। অনুষ্ঠানে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ক্যালেন্ডার ২০২৬-এর আবরণ উন্মোচন করা হয়।

Leave a Comment