রাজ্য প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে স্বাস্থ্য অধিকর্তার পরিদর্শন

অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী ২০২৬: স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, যুগ্ম অধিকর্তা ডাঃ অলক দেওয়ান আজ স্বাস্থ্য দপ্তরের অধীন আগরতলা শ্যামলীবাজারস্থিত রাজ্য প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে স্বাস্থ্য অধিকর্তা উক্ত রাজ্য প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের পরিকাঠামো সহ বিভিন্ন অফিস কক্ষগুলি ঘুরে দেখেন এবং পারিপার্শ্বিক কর্ম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন।

এরপর তিনি উক্ত প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র দু’টির আধিকারিক সহ সমস্ত কর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং এই প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র দু’টির মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পুনর্বাসনে সহায়তা করে আন্তরিকতার সাথে পরিষেবা প্রদানে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন। তাছাড়া দিব্যাঙ্গজনদের ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড প্রদান করা, প্রতিবন্ধী শংসাপত্র প্রদানে সহায়তা করা, গ্রামীণ এলাকায় শিবিরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চিহ্নিত করা বা শনাক্তকরণ ক্যাম্প করার জন্য পরামর্শ প্রদান করেন।

পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের থেরাপিউটিক পরিষেবায় ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি এবং অন্যান্য কাউন্সেলিং পরিষেবা প্রদানে সহায়তা করা এবং হাঁটার যন্ত্র, হুইলচেয়ার বা শ্রবণ যন্ত্রের মতো সহায়ক সরঞ্জাম পেতে সহায়তা করা বা মেরামত ও ব্যবহার শেখানো ইত্যাদি বিষয়ে পরিষেবার মান উন্নয়ন করার জন্য আহ্বান রাখেন স্বাস্থ্য অধিকর্তা।

সভায় স্বাস্থ্য অধিকর্তা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র দু’টির কর্মীদের বিভিন্ন অভাব অভিযোগ শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা ও স্বাস্থ্য অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ অলক দেওয়ান এর সাথে ছিলেন জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সদস্য সচিব ও ডিডিআরও ডাঃ সুধীর দেববর্মা। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment