অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী ২০২৬: গতকাল থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত করবুক মহকুমার ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ৩০০ মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।
এই আদেশবলে করবুক মহকুমার ইন্দো-বাংলাদেশ সীমান্ত বি.ও.পি. লাবোকান্ত পাড়া থেকে বি.ও.পি. চাপলিংছড়া পর্যন্ত ৩০০ মিটার এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া সাধারণ নাগরিকের চলাফেরা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৪ জনের বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, ইত্যাদি ব্যতীত কোনও ব্যক্তি লাঠি, আগ্নেয়াস্ত্র কিংবা কোনও ধরনের অস্ত্রশস্ত্র বহন করতে পারবে না। গোমতী জেলার জেলাশাসক এক আদেশবলে এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
যদি কোনও ব্যক্তি এই আদেশ অমান্য করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে এবং বি.এন.এস.এস. ২২৩ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কর্তব্যরত পুলিশ, নিরাপত্তারক্ষী, সরকারি কর্মচারি এবং সীমান্ত এলাকায় ৩০০ মিটারের মধ্যে বসবাসকারী নাগরিক এই নিষেধাজ্ঞার আওতায় বাইরে থাকবেন।








