প্রগতি ত্রিপুরা, ৩০ ডিসেম্বর ২০২৫: উচ্চ ক্ষমতা সম্পন্ন তেত্রিশ কেভি বিদ্যুৎ পরিবাহী তার জনবহুল জায়গা থেকে সরিয়ে নেওয়ার দাবীতে গ্রামবাসীরা গাড়ির টায়ার আগুনে পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!ঘটনা কৈলাসহরের কনকপুর এলাকায়।
কৈলাসহরের নুরপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার দীর্ঘদিন ধরে অনেকটাই নির্দিষ্ট জায়গা থেকে নীচে নেমে পড়েছে।
গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে কনকপুর এলাকাটি বিপদজনক হয়ে উঠে।
এমনকি গতকাল ঊনত্রিশ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কনকপুর দীঘির পাড়ে চলন্ত মালবোঝাই বড় গাড়ি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসতেই গাড়িটিতে আগুন লেগে যায়। আগুন লাগার ফলে পুরো গাড়িটি আগুনে জ্বলছে যায়।
এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুর বারোটা থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে কনকপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। অবরোধ কারীরা অবরোধস্থলে গাড়ির টায়ার আগুনে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রশাসনের পক্ষ থেকে যতক্ষন অব্দি কোনো ধরনের আশ্বাস পাওয়া যাবে না ততক্ষণ অব্দি অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে koও জানান অবরোধ কারীরা।
অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা অবরোধস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ কারীদের সাথে আলোচনা করে পুলিশ আধিকারিকরা। দীর্ঘক্ষন আলোচনার পর পুলিশ অবরোধ কারীদের আশ্বস্ত করে যে, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার জনবহুল জায়গা থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে।
পুলিশ আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পাবার পর দুপুর আড়াইটা নাগাদ অবরোধ কারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। কনকপুর এলাকায় কাঁচেরঘাট-শ্রীনাথপুর রাস্তাটি অবরোধ করার ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়েছিলো এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজেহালের শিকার হয়েছে।








