প্রগতি ত্রিপুরা, ৩০ ডিসেম্বর, ২০২৫: মঙ্গলবার ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে গ্রেফতার হলেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য জাগির মিয়া (৩৩)। এদিন সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আন্তঃরাজ্য সহযোগিতার ফলে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, এসটিএফ পুলিশ স্টেশনে ২৮ ডিসেম্বর দায়ের করা মামলা নং ০৬/২০২৫-এর প্রধান অভিযুক্তদের মধ্যে জাগির মিয়া একজন। গ্রেফতার এড়াতে সে পলাতক ছিল বলে জানা গেছে। পশ্চিম আগরতলা থানার অধীন জয়পুর গ্রামের বাসিন্দা জাগির মিয়া ‘ইমাম মাহমুদে কাফিলা’ নামে একটি শাখা সংগঠনের সক্রিয় সদস্য।
এই সংগঠনটিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর শাখা হিসেবে বিবেচনা করা হয়। এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ নেটওয়ার্কের মাধ্যমে গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখতেন বলেও অভিযোগ উঠেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং আগামীতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।
তার সহযোগীদের পরিচয় জানতে পুলিশ তদন্ত আরও জোরদার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫২ ও ১১৩(৫) ধারাসহ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭—এর অধীনে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।








