জেলা স্তরের জলবিভাজিকা মহোৎসব পালিত, কৃষিতে জল সংরক্ষণে নতুন আশার বার্তা

প্রগতি ত্রিপুরা, ২৩ ডিসেম্বর ২০২৫: কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের উদ্যোগে ডব্লিউডিসি–পিএমকেএসওয়াই ২.০ প্রকল্পের অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলা স্তরের জলবিভাজিকা মহোৎসব মঙ্গলবার মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করা হয় রূপাইছড়ি কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় প্রাঙ্গণে। এই উপলক্ষে এলাকার কৃষকদের মধ্যে ফলজ ও বনজ প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার ডেপুটি ডাইরেক্টর (কৃষি) তরুণ কুমার দাস, যিনি একই সঙ্গে দক্ষিণ জেলার জলবিভাজিকা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, জলবিভাজিকা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক জল সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে।বিএই প্রকল্পের আওতায় পুকুর, লেক ও চেকড্যাম নির্মাণের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে, যার ফলে ভবিষ্যতে কৃষকদের সেচের জলের সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। এতে করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলেও তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপাইছড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক তথা সেক্টর অফিসার রাজু দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বহু সংখ্যক কৃষক। জল সংরক্ষণ ও পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার কৃষক সমাজ।

Leave a Comment