প্রগতি ত্রিপুরা, ২৯ নভেম্বর, ২০২৫ : আজ দিনভর বিভিন্ন গ্রাম ঘুরে সাব্রুম মহকুমায় গ্রামীণ রাস্তা, বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা এবং পানীয় জলের উৎস সমূহের বেহাল অবস্থা খতিয়ে দেখে বিকালে প্রশাসনিক আধিকারিকদের সাথে পর্যালোচনা সভায় বসে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানালেন মাননীয় বিরোধী দলের নেতা তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীতেন্দ্র চৌধুরী।
৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্র এলাকার পশ্চিম টেক্কাতুলসী, পূর্ব টেক্কাতুলসী, বেতাগা, হারবাতলী ও দশরথ নগর এডিসি ভিলেজ এবং রাজনগর, মাধবনগর ও শীনগর গ্রাম পঞ্চায়েত সহ পোয়াংবাড়ি ও সাতচাঁদ ব্লকের অন্তর্গত একাধিক রাস্তা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ সরবরাহের লাইন সমূহ দীর্ঘদিন ধরে সারাই ও পুননির্মাণের প্রয়োজনীয়তায় ভুগছে ।
শুক্রবার এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান এলাকার বিধায়ক জীতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন পি ডব্লিউ ডি-র ইঞ্জিনিয়ারগণ এবং স্থানীয় নেতৃত্বগন। পরিদর্শনকালে গ্রামীণ জনগণ সামাজিক পরিকাঠামোর এই বেহাল চিত্রসমূহ শ্রী চৌধুরীর সামনে তুলে ধরেন। এলাকাবাসী রাস্তা ও অন্যান্য পরিকাঠামো সমূহের দ্রুত সারাই করা এবং পাশাপাশি যেকল জায়গায় নতুন রাস্তা, জলের উৎস্য ও বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা দরকার তা শ্রীচৌধুরীর সামনে তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের আগষ্ট মাসের ভয়াবহ বন্যার পর থেকে মনুবাজার থেকে শ্রীনগরের প্রধান সড়ক সহ আরো অসংখ্য গ্রামীন রাস্তা, সেচ ও পানীয়জলের উৎস্য সমূহের খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। রাজ্য সরকার ও এডিসি-র তরফ থেকে মেরামতের কোন উদ্যোগ নেই। তিনি সকলকে আশ্বস্ত করেন প্রশাসনের সমক্ষে তাঁদের ন্যায্য দাবীসমূহ পুঙ্খনোপুঙ্খভাবে তুলে ধরা হবে।
এরপর এদিন বিকালেই তিনি সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে সাব্রুমের মহকুমা শাসক, সাতচাঁদ, রুপাইছড়ি ও পোয়াংবাড়ি ৩টি ব্লকের বিডিওগণ এবং পূর্ত, গ্রামোন্নয়ন ও ডিডব্ল্যুইউএস এর বাস্তুকারদের সাথে এক বৈঠকে মিলিত হন।
সেই সভায় তিনি দিনভর ঘুরে সরেজমিনে যে চিত্রগুলি প্রত্যক্ষ করেছেন সেগুলি তুলে ধরে এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। বিডিওদের কাছে তিনি রেগায় আরো বেশী কাজ প্রদান এবং মজুরির প্রসঙ্গও তুলে ধরেন।
এই বৈঠকে তিনি তাঁর বিধানসভা উন্নয়ন প্রকল্পের প্রজেক্টসমূহের রূপায়নের অগ্রগতিও খতিয়ে দেখেন। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে শ্রী চৌধুরীর এই এলাকা সফর এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে প্রয়োজনীয় তদ্বিরে স্থানীয়দের মধ্যে দারুন উৎসাহ লক্ষ্য করে গেছে।








