প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৫: । আবারও বন দপ্তরের সাফল্য! বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ ও আগর গাছ উদ্ধার!!উত্তর জেলার বন দপ্তর আবারও তাদের তৎপরতা ও সাফল্যের নজির স্থাপন করলো।
গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ছ’টা নাগাদ ধর্মনগর মহকুমা বন দপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্ব দেন মহকুমার বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথ।
জানা যায়, চুড়াইবাড়ি ফরেস্ট বিটের আওতাধীন চুড়াইবাড়ি, ফুলবাড়ি ও লক্ষীনগর এলাকায় পৃথক পৃথক স্থানে একযোগে এই অভিযান চালানো হয়।
দীর্ঘক্ষণ তল্লাশি ও অনুসন্ধানের পর বন দপ্তরের কর্মীরা মোট ১৭৫ ফুট চেরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হন। শুধু তাই নয়, অবৈধ বনজ সম্পদ পরিবহনের সঙ্গে জড়িত সন্দেহে TR05A-2597 এবং TR05-4375 নম্বরের দুটি হাইস্পিড অটো আটক করা হয়েছে।
উক্ত যানগুলোর ভেতর থেকে বিপুল পরিমাণ কাঁটা আগর গাছ মজুদ পাওয়া যায়। অভিযানে উপস্থিত ছিলেন চুড়াইবাড়ি, লালছড়া, বাগবাসা, শনিছড়া, পানিসাগর ও জুরি বিটের ফরেস্টার সহ বন দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ।
অভিযান ঘিরে গোটা এলাকায় উত্তেজনা এবং সচেতনতা পরিবেশ তৈরি হয়। এক সাক্ষাৎকারে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, উদ্ধার করা সেগুন কাঠগুলোর কালোবাজার মূল্য আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা।
বনজ সম্পদের অবৈধ ব্যবসা ও পাচার রোধে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উত্তর জেলার বন দপ্তরের এই সাফল্য শুধু পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং বেআইনি কাঠ ও আগর ব্যবসায়ীদের জন্য একটি কড়া বার্তা হিসেবেও গণ্য হচ্ছে।








