ঊনকোটি জেলায় প্রকাশ্যে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগে বিশেষ অভিযান

প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর,২০২৫: জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে গত ০৭ নভেম্বর, ২০২৫ ঊনকোটি জেলার কৈলাশহর বাজার এলাকা এবং আর.জি.এম মহকুমা হাসপাতাল (SDH) চত্বরে সিওটিপিএ আইন, ২০০৩ (COTPA Act, 2003) কার্যকর করার জন্য এক বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের যৌথ উদ্যোগে এই অভিযানে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

এই অভিযানে ছিলেন ডাঃ সঞ্জয় রুদ্র পাল, জেলা পরিবার কল্যাণ আধিকারিক, ডাঃ অরূপ চক্রবর্তী, জেলা পিসিপিএনডিটি আধিকারিক, অলকেশ নন্দী, জেলা প্রোগ্রাম ম্যানেজার, অপর্ণা সিনহা, এক্সটেনশন এডুকেটর, রাজেশ মালাকার, সোশ্যাল ওয়ার্কার, মোঃ আসাদুজ্জামান, স্ট্যাটিসটিকাল ইনভেস্টিগেটর, বিক্রম দেববর্মা, ফিনান্স কাম লজিস্টিক কনসালটেন্ট ও আরক্ষা প্রশাসনের লোকজন। অভিযানের মূল লক্ষ্য ও ধারা প্রয়োগ এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল জনবহুল স্থানে প্রকাশ্যে তামাক সেবন এবং তামাকজাত পণ্যের অবৈধ বিক্রয় বন্ধ করা।

অভিযানে সিওটিপিএ ২০০৩-এর তিনটি প্রধান ধারা প্রয়োগ করা হয়: ধারা ৪ (Section 4): এই ধারায় প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কৈলাশহর বাজার এলাকা এবং হাসপাতাল চত্বরে যারা প্রকাশ্যে ধূমপান করছিলেন, তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয় এবং আইন সম্পর্কে সচেতন করা হয়।

ধারা ৫ (Section 5): তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার এবং স্পন্সরশিপের উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হয়। ধারা ৬ (Section 6): এই ধারার অধীনে ১৮ বছরের কম বয়সী নাবালকদের কাছে তামাকজাত পণ্য বিক্রি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন কৈলাশহর বাজারের বেশ কিছু দোকান এবং হাসপাতালের কাছাকাছি এলাকা থেকে আইন লঙ্ঘনের একাধিক ঘটনা চিহ্নিত করা হয়। তামাকজাত পণ্যের অবৈধ বিজ্ঞাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি বিক্রয় করার জন্য বিক্রেতাদের সতর্ক করা হয় এবং আর্থিক জরিমানা করাহয়। প্রকাশ্যে ধুমপানের দায়ে বেশ কয়েকজন ব্যক্তিকে জরিমানা করা হয়। স্বাস্থ্য দপ্তর এই অভিযানে অংশগ্রহণকারী সকল আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছে।

তাঁরা পুনর্ব্যক্ত করেছেন যে তামাক সেবনের ক্ষতিকর প্রভাব থেকে জনসাধারণকে রক্ষা করতে এবং একটি স্বাস্থ্যকর সমাজ গড়তে এই ধরনের এনফোর্সমেন্ট অভিধান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে তামাকমুক্ত পরিবেশ বজায় রাখতে সকলে যেন আইন মেনে চলেন এবং এই ধরনের উদ্যোগে সহযোগিতা করেন। ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment