নাবালিকা কন্যা খুনের অভিযোগে গ্রেফতার পিতা

প্রগতি ত্রিপুরা, ৯ই সেপ্টেম্বর ২০২৫: ৭ বছরের মেয়েকে খুন করে নিজেই হাসপাতালে নিয়ে আসে বাবা। অভিযুক্তকে গ্রেফতার করেছে কৈলাসহর ইরানি থানার পুলিশ।

ঘটনাটি গত ৭ সেপ্টেম্বর হয়েছিল। শিশুকন্যার দেহের ময়না তদন্ত এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ নেছার আলী ওরফে আনোয়ারকে গ্রেফতার করেছে।

কৈলাসহরের লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে নাবালিকা মেয়েকে খুনের অভিযোগে এক পিতাকে গ্রেফতার করল ইরানি থানার পুলিশ।

অভিযুক্ত যুবক নেছার আলী ওরফে আনয়ার (বয়স প্রায় ৩২) চলতি মাসের ৭ তারিখ সন্ধ্যায় তার সাত বছরের মেয়েকে অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় ঊনকোটি জেলা হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে।

তখন মেয়েটির বাবা দাবি করেন, শিশুটি গামছা দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু চিকিৎসকদের সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তদন্তে নেমে শিশুটির মৃত্যুকে ঘিরে একাধিক অসঙ্গতি খুঁজে পায়।

পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ময়নাতদন্তে শিশুর মাথায় আঘাতের চিহ্ন ধরা পড়ে। বিশেষ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রথমে ধারালো দা দিয়ে কন্যার মাথায় আঘাত করে এবং পরে খুনটিকে আত্মহত্যা দেখাতে গামছা দিয়ে ঝুলিয়ে রাখে।

নিহত শিশুর মা রাজনা বেগম ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্বামী নেছার আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে ইরানি থানায় মামলাটি (নং 41/2025) রুজু হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।

পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত যুবক নেশার সঙ্গে জড়িত ছিল এবং কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে।

স্থানীয়দের মতে, নেশাগ্রস্ত স্বভাব ও পারিবারিক অশান্তির জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।

নাবালিকা মেয়ের অকালমৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।

Leave a Comment