প্রগতি ত্রিপুরা, ৮ই সেপ্টেম্বর ২০২৫: মদ বিক্রির প্রতিবাদ করায় মাতৃশক্তির উপর নৃশংস অত্যাচারের অভিযোগ ফটিকরায় থানা এলাকায়! নৃশংস হিংসার শিকার গৃহবধূ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি। ফটিকরায় থানাধীন তরুণীনগর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে ঘটলো এক নৃশংস মারধরের ঘটনা। এলাকায় স্কুলের পাশে দেদার মদ বিক্রি বন্ধ করার দাবি জানানোয় প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন এক গৃহবধূ।স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপদ মজুমদারের স্ত্রী অঞ্জু মজুমদার মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর পরেই এলাকার কথিত মদ ব্যবসায়ী বিপ্লব মজুমদার, তার স্ত্রী রিনা মজুমদার ও ছেলে পঙ্কজ মজুমদার মিলে অঞ্জু মজুমদারের উপর চড়াও হয়। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে বাঁশ দিয়ে প্রহার করা হয়। এমনকি তাঁর অষ্টম শ্রেণির কন্যাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় অঞ্জু মজুমদারকে প্রথমে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে কৈলাসহর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।ঘটনার সময় অঞ্জুর স্বামী হরিপদ মজুমদার বাড়িতে ছিলেন না। তিনি জীবিকার তাগিদে আগরতলায় রাজমিস্ত্রির কাজ করেন। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, ঘটনার এতক্ষণ পার হয়ে গেলেও পুলিশ আসামিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ,








