জিবিপি হাসপাতালের নিউরোলজি বিভাগে রাখিবন্ধন উৎসব

অনলাইন ডেস্ক, ১৫ আগস্ট, ২০২৫: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহার একান্ত আগ্রহে নিউরোলজি বিভাগ চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্থানে উন্নীত হয়েছে।

পাশাপাশি এই বিভাগটির উন্নতিতে স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর (ডা.) তপন মজুমদারের ভূমিকাও অনস্বীকার্য। গত ১২ আগস্ট নিউরোলজি বিভাগে পালিত হয় রাখি বন্ধন উৎসব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট ডা. শংকর চক্রবর্তী। ওয়ার্ডে তিনি একে একে রোগীদের সাথে কথা বলেন।

এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা. আবির লাল নাথ, নিউরোলজিস্ট ডা. অর্পণ মিত্র এবং অন্যান্য চিকিৎসক সহ হাসপাতালের কর্মীগণ। শুধুই বোনেরা নয়, রোগীদের রাখি বেঁধেছেন চিকিৎসকগণ, জিডিএ কর্মীরা এবং সিস্টাররাও।

এক বয়স্ক মহিলা রোগী, যিনি অনেক দূর থেকে এসেছেন, রাখি বাঁধার পর চোখ মুছে বললেন, আজ মনে হচ্ছে আমি একা নই, আমারও পরিবার আছে।’ রাখি পরানোর পর রোগীদের হাতে দেওয়া হয় ফল।

ডা. শংকর চক্রবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চিকিৎসা শুধু দেহের অসুখ সারানো নয়, মনের যত্ন নেওয়াটাও সমান জরুরি। আজকের এই ছোট উদ্যোগ রোগীদের মনে নতুন সাহস ও আনন্দ এনে দেবে।

অনুষ্ঠান শেষে রোগী, তাদের আত্মীয় স্বজন এবং কর্মীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়। নিউরোলজি বিভাগের প্রতিটি সদস্য গর্বিত, কারণ, তারা জানেন, চিকিৎসার পাশাপাশি এই মানবিক স্পর্শই রোগীর সুস্থতার সবচেয়ে বড় ওষুধ। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment