অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট ২০২৫: যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। যুব সমাজের মধ্যে মাদক ব্যবহার একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। সুন্দর সমাজ গঠন করতে হলে নেশামুক্ত পরিবেশ অপরিহার্য।
কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে মাদকাশক্তির উপর সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন।
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। সরকারি প্রচেষ্টার পাশাপাশি বিশেষ করে যুব সমাজকে শপথ নিতে হবে যে তারা মাদকাশক্তির কবল থেকে দূরে থাকবে এবং অন্যদেরও এর বিরুদ্ধে সচেতন করবে।
তিনি নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে উনকোটি কলাক্ষেত্রে উপস্থিত দর্শকদের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি মনতোষ ধর। অনুষ্ঠানে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, জিলা পরিষদ সদস্য বিমল কর, ঊনকোটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস চাকমা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।








