অনলাইন ডেস্ক, ১২ আগস্ট, ২০২৫। ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়া কামি থানাধীন ১৮ মুড়া এডিসি ভিলেজের বিলাই কাং-এর কলোই বস্তি এলাকায় আজ সকালে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা।
জানা গেছে, সকাল প্রায় ১১টার দিকে স্থানীয় যুবক অলিন্দ্র কলোই নিজের জুম চাষে কলা গাছ থেকে কলার থুর সংগ্রহ করছিলেন।
হঠাৎই একটি বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যে সারা শরীরে গভীর আঁচড় ও ক্ষত তৈরি হয়। অলিন্দ্রের সঙ্গে থাকা সহকর্মীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে ভাল্লুকের কবল থেকে উদ্ধার করেন এবং প্রাণপণ চেষ্টা করে বন্যপ্রাণীটিকে তাড়িয়ে দেন।
তবে দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ও যানবাহনের কোনো সুবিধা না থাকায় আহতকে ঘটনাস্থল থেকে বের করে আনতে প্রচুর সময় লেগে যায়।
অলিন্দ্রের বাবা জানান, যোগাযোগের অভাবে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে পায়ে হেঁটে ও স্থানীয়ভাবে বহন করে তাকে জাতীয় সড়কের কাছাকাছি আনা হয়।
সেখান থেকে গাড়িতে করে রাত সাড়ে ৯টার দিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ তুলেছেন, দুর্গম জনপদে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও জরুরি চিকিৎসা সুবিধার অভাবের কারণে এই ধরনের দুর্ঘটনার পর উদ্ধারকাজ অত্যন্ত বিলম্বিত হয়, যা আহতদের জীবনের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে।








