বিলোনীয়ায় দিশা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক,২৪ এপ্রিল, ২০২৫: আজ বিলোনীয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি (দিশা)-র এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিশা কমিটির মেম্বার সেক্রেটারি তথা জেলাশাসক ও সমাহর্তা মহম্মদ সাজাদ পি।

সভায় স্বাস্থ্য, বন, বিদ্যুৎ, জলসম্পদ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান প্রভৃতি দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সমস্যা এবং কাজের ক্ষেত্রে ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করা হয়। জেলাশাসক সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত সমস্যাগুলির সমাধান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। কিছু কিছু ক্ষেত্রে কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরিষেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার আবেদন রাখেন।

তিনি আশা প্রকাশ করেন জনপ্রতিনিধি ও আধিকারিকদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে জেলায় উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়বে। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক অশোক মিত্র, পঞ্চায়েত সমিতি ও বি.এ.সি.-র চেয়ারম্যানগণ, বিডি.ও, পুরপরিষদ ও নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন, দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

Leave a Comment