কর্মচারিদের সরকারি পরিষেবা প্রদানে আরও দক্ষ করে তুলতে চুক্তি স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক,২৪ এপ্রিল, ২০২৫: রাজ্য সরকারের বিভিন্ন স্তরের কর্মচারিদের সরকারি পরিষেবা প্রদানে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কমিশন, কর্মযোগী ভারত এবং ত্রিপুরা সরকারের মধ্যে আজ এক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রজ্ঞাভবনে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পি এন্ড টি) দপ্তরের সচিব অপূর্ব রায়, দক্ষতা উন্নয়ন কমিশনের হিউম্যান রিসোর্সের সদস্য ড. আর বালসুব্রহ্মহ্মণিয়ম ও যুগ্ম সচিব এস পি রায় এবং কর্মযোগী ভারতের উপদেষ্টা শোভানা রানা উপস্থিত ছিলেন।

এই চুক্তিতে রাজ্য সরকারের পক্ষে অপূর্ব রায়, দক্ষতা উন্নয়ন কমিশনের পক্ষে আর বালসুব্রহ্মাণিয়ম এবং কর্মযোগী ভারতের পক্ষে শোভানা রানা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, রাজ্য সরকারের সঙ্গে দক্ষতা উন্নয়ন কমিশন এবং কর্মযোগী ভারতের চুক্তি হওয়ার ফলে সরকারি কর্মীদের পেশাগত ও ব্যক্তিগত উভয়ক্ষেত্রেই আরও উন্নতি ঘটবে। ফলে জনগণের সাথে তাদের সম্পর্ক আরও মজবুত হবে।

তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তারা আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সরকারি পরিষেবা প্রদান করছেন। সম্প্রতি নয়াদিল্লিতে সিভিল সার্ভিস দিবসে প্রধানমন্ত্রীর হাত থেকে রাজোর ৪ জন আধিকারিকের পিএম এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণের মধ্যদিয়ে রাজ্যের আধিকারিকদের উৎকৃষ্টতার প্রমাণ পাওয়া যায়।

আজ এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মচারিদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে এবং নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে অবগত হতে সহায়ক হবে।। এছাড়াও মুখ্যসচিব তার ভাষণে রাজ্যে শিল্প স্থাপন, বিনিয়োগ সহ নানা তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন কমিশনের হিউম্যান রিসোর্সের সদস্য ড. আর বালসুব্রহ্মণিয়ম বলেন, ত্রিপুরা সরকারের সঙ্গে আজ চুক্তি স্বাক্ষর হওয়ার ফলে রাজ্যের সরকারি কর্মচারিদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তুলতে এবং তাদের কর্মজীবনকে আরও উন্নত করতে সহায়ক হবে। এছাড়াও তিনি তার বক্তব্যে দক্ষতা উন্নয়ন কমিশনের বিভিন্ন দিকগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পি এন্ড টি) দপ্তরের সচিব অপূর্ব রায়, কর্মযোগী ভারতের উপদেষ্টা শোভানা রানা, দক্ষতা উন্নয়ন কমিশনের যুগ্ম সচিব এস পি রায় এবং সিপার্ডের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্পিতা চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবগণ, অধিকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment