প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৬: ভোটকে কেন্দ্র করে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ, এলাকায় উত্তেজনা।আমবাসা পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পরিস্থিতি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্দল প্রার্থী বিশ্বজিৎ রায়ের গাড়িতে অগ্নিসংযোগ এবং তাঁর বুথ অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে বলে জানা গেছে।
নির্দল প্রার্থী বিশ্বজিৎ রায়ের দাবি, গতকাল গভীর রাতে তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। সেই সময় তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বুথ অফিসটি ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করা হয়।
প্রার্থী জানান, রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ফোনের মাধ্যমে ঘটনার খবর পান তিনি। পরে ৩টা ৪০ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছান। তাঁর ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যদের মাধ্যমে তাঁকে খবর দেওয়া হয় বলে দাবি করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আগুনে জ্বলতে দেখেন এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাড়িটি রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান।
এই ঘটনার পেছনে শাসকদলের দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ রায়। যদিও হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং প্রত্যক্ষদর্শী হিসেবে কাউকে শনাক্ত করেননি, তবুও রাজনৈতিক উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে তাঁর দাবি।
এছাড়াও নির্বাচনের আগে তাঁকে একাধিকবার ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভোটের দিন ছাপ্পা ভোট, ভোট গণনায় বাধা এবং নির্বাচনের ফলাফল ঘোষণার দিন হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ওই নির্দল প্রার্থী। তাঁর অভিযোগ, এলাকার সাধারণ ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে এবং তাঁকে ভোট দিলে উন্নয়নমূলক কাজ করতে পারবেন না বলে প্রচার চালানো হচ্ছে।
বাইরের রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেও ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে বিশ্বজিৎ রায় বিজেপি নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
নির্বাচনকে ঘিরে আমবাসার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
তবে এই ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য এবং প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।








