৩২ নম্বর ওয়ার্ডে সঞ্জয় সাহার সমর্থনে রোড শো, জয়ের আশায়

প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৬: বিজেপিনির্বাচনী প্রচারের শেষ দিনে ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে এক রোড শোর আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। রোড শো ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রচারের শেষ পর্যায়ে ৩২ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতেও নির্বাচনী কর্মসূচি পালন করা হয়। রোড শো থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। একই সঙ্গে ভোটারদের ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে পৌঁছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সঞ্জয় সাহাকে স্থানীয় বাসিন্দা ও পরিচিত মুখ হিসেবে তুলে ধরে তাঁর প্রতি জনসমর্থন রয়েছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। নির্বাচনী প্রচারে দলের উন্নয়নমূলক কাজ এবং আগামী দিনের পরিকল্পনাগুলিও তুলে ধরা হয়।

বিগত নির্বাচনে ঘোষিত সংকল্প বাস্তবায়নের প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, পূর্বে প্রতিশ্রুত একাধিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। আগামী দিনের উন্নয়ন পরিকল্পনাও নির্বাচনী সংকল্পপত্রে স্থান পেয়েছে বলে উল্লেখ করা হয়।

বিরোধীদের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগের জবাবে বিজেপি নেতৃত্ব সেই সমালোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সমর্থন চেয়ে প্রচার শেষ করা হয়। নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দলের নেতৃত্ব।

 

Leave a Comment