মুম্বই, ২৪ নভেম্বর : মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলা এলাকায় সান্তাক্রুজ-চেম্বুর লিংক রোড ফ্লাইওভারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্কুটার আরোহী। মঙ্গলবার সকালে একটি বেস্ট বাসের পেছনের চাকার তলায় চলে আসায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। এক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, “তখন সকাল ৭টা নাগাদ হবে। সামনে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল এবং সেটি হঠাৎই ওখান থেকে অত্যন্ত দ্রুতগতিতে ইউ-টার্ন নেয়। ঠিক তার পেছনেই একটি বেস্ট বাস আসছিল। গাড়িটিকে বাঁচাতে বাসের চালক হঠাৎই সজোরে ব্রেক কষেন।”
হঠাৎ ব্রেক কষার জেরে বাসের পেছনে থাকা ওই স্কুটার আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসের পেছনের চাকার তলায় পিষ্ট হয়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।








