কনৌজ, ২৪ নভেম্বর : উত্তর প্রদেশের কনৌজে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। এছাড়াও ৩৫ জন কমবেশি আহত হয়েছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ভোর পৌনে ৬টা নাগাদ থাথিয়া এলাকার ২০৯ কিলোমিটার মাইলফলকের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে তিরওয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
কনৌজের পুলিশ সুপার বিনোদ কুমার দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, কৌশাম্বীর একটি স্কুলের প্রায় ৫০ জন পড়ুয়া ও কর্মীকে নিয়ে বাসটি মথুরা থেকে ফিরছিল। মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ থাথিয়ায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ২০৯ কিলোমিটার মার্কারের কাছে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সজোরে ধাক্কা মারে।
পুলিশ সুপার আরও জানান, দুর্ঘটনার পর আহতদের তিরওয়া মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চার পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ এবং আরও এক পড়ুয়া গুরুতর জখম হয়েছেন; উন্নত চিকিৎসার জন্য তাঁদের কানপুরে রেফার করা হচ্ছে। এছাড়া সামান্য আহত ২২ জন পড়ুয়া বর্তমানে তিরওয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








