প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: দক্ষিণ চরিলাম ৬ নম্বর কলোনির এক কিশোরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ছাত্রের নাম অন্তর দাস (১৬)। সে দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার হঠাৎ অন্তরসহ পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় অন্তরকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জিবি হাসপাতালে রেফার করা হলে সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে অন্তরের বাবা, মা ও ভাই এখনও জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারটি আর্থিকভাবে অত্যন্ত দুর্বল হওয়ায় এই আকস্মিক বিপর্যয়ে তাদের পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে।
একই পরিবারের একাধিক সদস্যের অসুস্থ হয়ে পড়া এবং কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। অসুস্থতার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।








