জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরগামী যাত্রীদের সুবিধায় বিশেষ ইএমইউ ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন

কলকাতা, ১৪ নভেম্বর : জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগরে দর্শনার্থী ও পুণ্যার্থীদের বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রানাঘাট ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে এক জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাত এবং ১৮ ও ১৯ নভেম্বরের মধ্যবর্তী রাতে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।

রেল সূত্রে জানা গিয়েছে, ০৩১৭৩ নম্বর রানাঘাট-কৃষ্ণনগর ইএমইউ স্পেশাল রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে কালিনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর, বাদকুল্লা ও জলালখালি হল্ট হয়ে রাত ১২টা ১৭ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে।

অন্যদিকে, ০৩১৭৪ নম্বর কৃষ্ণনগর-রানাঘাট ইএমইউ স্পেশাল রাত ১২টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে রানাঘাট পৌঁছবে। এই ট্রেনটিও যাত্রাপথের সমস্ত স্টেশনে থামবে।

উৎসবের সময় অতিরিক্ত যাত্রীচাপ কমানো এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতেই এই উদ্যোগ নিয়েছে শিয়ালদহ ডিভিশন।

Leave a Comment