জম্মু, ১৩ নভেম্বর : বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর হওয়া জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নেমে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাল রাষ্ট্রীয় বজরং দল। বুধবারে হওয়া এই অতর্কিত জঙ্গি হামলায় আহত হয়েছিলেন তিন জন সিআরপিএফ জওয়ান । ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রীয় বজরং দলের কর্মীরা কুশপুতুল পুড়িয়ে নিজেদের প্রতিবাদ জানান। এই বিক্ষোভের নেতৃত্ব দেন রাকেশ বজরঙ্গি। এই সময় সংগঠনের কর্মীরা জঙ্গি হামলার কঠোর সমালোচনা করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দলের কর্মীরা বলেন, কাশ্মীরে অশান্তি সৃষ্টি করাই পাকিস্তানের একমাত্র কাজ। তবে তাদের যে গুটিকয়েক দোসর এখনও বেঁচে রয়েছে, তাদের বিরুদ্ধেও খুব শীঘ্রই ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।








