বাঁকুড়া, ১৩ নভেম্বর : জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ও পবিত্র পরব ‘বাঁধনা উৎসব’-এ যোগ দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাঁকুড়ার রায়পুরে আয়োজিত জঙ্গলমহলের এই প্রধান আদিবাসী উৎসবে উপস্থিত হয়ে তিনি জঙ্গলমহলের উন্নয়নের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন। একইসঙ্গে বাঁকুড়ার হলুদকানালী হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার কথাও জানান তিনি।
এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান, রাজ্য নেতা সুনীল রুদ্র মণ্ডল, বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্য নেতা সৌগত পাত্র, রায়পুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য পার্থসারথি কুন্ডুসহ অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধি ও অতিথিরা।
ঐতিহ্যবাহী গরুখুঁটা ও বাঁধনা উৎসবের গভীর তাৎপর্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জঙ্গলমহলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাঁধনা উৎসব কেবল একটি আনন্দানুষ্ঠান নয়, এটি কৃষি ও পশুপালনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের শতবর্ষ-প্রাচীন এক অনন্য ঐতিহ্য। বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত কৃষিক্ষেত্রে গবাদি পশুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের এই অবদানকে সম্মান জানাতেই এই উৎসব উদযাপিত হয়।
অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, বিগত দিনে আদিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো জঙ্গলমহল অঞ্চলের আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য রক্ষা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই অঞ্চলের ঐতিহ্য ও প্রথা সংরক্ষণের জন্য বিভিন্ন বোর্ড গঠনের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি জানান। পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মাধ্যমে চলতি অর্থ বছরে জঙ্গলমহলের উন্নয়নে ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং উন্নয়ন বোর্ডগুলির বাজেট ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়েছে।
গ্রামীণ কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকার রাজ্যে ১২৫ দিনের একটি বিশেষ কর্মসংস্থান কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় কমিউনিটি ভবন, আইসিডিএস কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, অমৃত সরোবর এবং বড় পুকুর খননের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করা হবে। এছাড়া ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়াতেও একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাঁকুড়া জেলায় প্রায় ২,৯৫,০০০ নতুন পাকা বাড়ি নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
কর্মসংস্থান ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরি প্রদানের কাজ চলছে, যার মধ্যে পুলিশ ও কনস্টেবল পদে নিয়োগও অন্তর্ভুক্ত। এই নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে এবং তপশিলি জাতি (এসি), তপশিলি উপজাতি (এসটি) ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি (ওবিসি)-দের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। দীর্ঘদিনের জরাজীর্ণ হলুদকানালী ১০ শয্যার হাসপাতালটি সম্পর্কে তিনি বলেন, এটিকে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা সহ একটি ১০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে। এর জন্য স্বাস্থ্য সচিবকে ১ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসকদের থাকার উপযুক্ত ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। এছাড়া জঙ্গলমহলে বন্ধ থাকা আদিবাসী ছাত্রাবাসগুলি পুনরায় চালু করতে অভিভাবকরা রাজি থাকলে সরকারই তার সম্পূর্ণ দায়িত্ব নেবে বলে জানান।
জঙ্গলমহলের শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুখ্যমন্ত্রী জানান, স্থানীয় বাসিন্দাদের থেকে ন্যায্য মূল্যে জমি নিয়ে একটি ‘ল্যান্ড ব্যাংক’ তৈরি করা হবে, যার মাধ্যমে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে এবং কাজের সন্ধানে তাঁদের ভিনরাজ্যে যাওয়ার প্রবণতা কমবে। এছাড়া দুর্গাপুর-জামশেদপুর সড়কটিকে জাতীয় মহাসড়কের অন্তর্ভুক্ত করে চার লেনে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলায় বালি উত্তোলন ও অবৈধ চোরাচালান কঠোরহাতে বন্ধ করে আইনানুগ উপায়ে বালি উত্তোলনের আশ্বাসও দেন তিনি।
শেষে জঙ্গলমহলের বিভিন্ন সামাজিক সংগঠন, কুড়মি ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাষা ও জাতির ভিত্তিতে সমাজকে বিভক্ত না করে জঙ্গলমহলের সামগ্রিক বিকাশে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পাহাড় ও জঙ্গলের প্রাকৃতিক সম্পদে কোনো আঁচ পড়তে দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দেন। আগামী আদিবাসী গৌরব দিবস এবং মকর সংক্রান্তি উপলক্ষে ফের জঙ্গলমহল পরিদর্শনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, জঙ্গলমহলের মানুষের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়ন সাধনে রাজ্য সরকার সবসময় প্রতিশ্রদ্ধবদ্ধ।








