পুর নির্বাচন ঘিরে সন্ত্রাসের অভিযোগ বামেদের, পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন, মহিলা সাংবাদিককে হেনস্তার ঘটনায়ও ক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: আসন্ন পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রচারে বাধা ও সন্ত্রাসের অভিযোগ তুলল সিপিআইএম। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার সদর মহকুমা পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিল সিপিআইএমের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য শুভাশীষ গাঙ্গুলী, নেতা মনোজিৎ ঘোষ, ছাত্র আন্দোলনের নেতা সন্দীপন দেব-সহ অন্যান্যরা।

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতারা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী দলগুলির রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে রানিরবাজার, জিরানিয়া, শান্তিরবাজার ও মোহনপুরে এ ধরনের ঘটনা ঘটছে বলে তাঁদের দাবি। আগরতলা পুর নিগমের ১ থেকে ৫১ নম্বর ওয়ার্ডেও বিরোধী প্রার্থীদের প্রচার বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

বাম নেতৃত্বের অভিযোগ, বিভিন্ন এলাকায় তাঁদের দলীয় পতাকা, ফেস্টুন ও প্রার্থীদের প্রচারপত্র লাগাতে দেওয়া হচ্ছে না। রাতের অন্ধকারে রাস্তার পাশ থেকে লাল পতাকা ও প্রার্থীদের ফ্লেক্স খুলে ফেলে দেওয়া হচ্ছে। এমনকি বাড়ি বাড়ি প্রচারে বের হলে বাইক বাহিনী নিয়ে এসে কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।

এদিন ২৭ নম্বর ওয়ার্ডের একটি ঘটনাকে কেন্দ্র করেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম নেতারা। তাঁদের অভিযোগ, ওই ওয়ার্ডের প্রার্থী লিমা হক কুমার নির্বাচনী প্রচারে বের হলে বাধার সম্মুখীন হন। সেই ঘটনার ছবি তুলতে গেলে এক মহিলা সাংবাদিককেও হুমকির মুখে পড়তে হয়। সাংবাদিকের ছবি তোলার অধিকার নিয়েও প্রশ্ন তোলা হয় বলে অভিযোগ। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাজে বাধা দেওয়ার এই অভিযোগকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী বলে মন্তব্য করেন বাম নেতৃত্ব।

পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রশাসনের নিরপেক্ষভাবে কাজ করার কথা থাকলেও বাস্তবে শাসক দলের প্রভাব কাজ করছে। নির্বাচনী প্রচারের অনুমতি পেতে বিরোধী দলগুলিকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে, অথচ শাসক দলের ক্ষেত্রে একই ধরনের বাধা দেখা যাচ্ছে না বলে দাবি করেন তাঁরা।

বাম নেতারা জানান, এই সমস্ত অভিযোগের বিষয়ে আগেই রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। শুক্রবার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও নির্দিষ্ট অভিযোগ তুলে ধরে ডেপুটেশন দেওয়া হয়েছে।

তাঁদের দাবি, নির্বাচনী প্রচারে বাধা, রাজনৈতিক হিংসা, পতাকা ও ফ্লেক্স নষ্ট করা এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সিপিআইএম।

Leave a Comment