প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: উত্তর জেলায় সরকারি সফরের দ্বিতীয় দিনেও মাঠপর্যায়ে বিভিন্ন দপ্তরের কাজকর্ম পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এ দিন তাঁর সঙ্গে ছিলেন হ্যান্ডলুম ও সেরিকালচার দপ্তরের জয়েন্ট ডিরেক্টর শিবাজী সাহা-সহ সংশ্লিষ্ট দপ্তরের একাংশ আধিকারিক। প্রথমে কাঞ্চনপুর ডাকবাংলোয় দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে দপ্তরের অফিস ভবন, পরিকাঠামোগত সমস্যা এবং পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রী সরাসরি পৌঁছে যান তুঁত চাষিদের বাড়িতে। সেখানে সরকারি প্রকল্পের আওতায় তুঁত চাষের সুবিধার্থে নির্মিত ঘরগুলি পরিদর্শন করেন তিনি। অভিযোগ, সরকারি নির্দেশিকা ও নির্ধারিত নিয়মনীতি মেনে কয়েকটি ঘর নির্মাণ করা হয়নি। এমনকি ঘর নির্মাণের জন্য বরাদ্দ অর্থের ভিত্তিতে তৈরি হওয়া নির্ধারিত এস্টিমেটের নথিও মন্ত্রীর সামনে উপস্থাপন করতে পারেননি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি প্রকল্পের অর্থ বরাদ্দ করা হচ্ছে সাধারণ মানুষের আর্থিক স্বনির্ভরতা এবং জীবিকার উন্নয়নের জন্য। তাই নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে কোনও কাজ করা চলবে না। সরকারি অর্থের অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করেন তিনি। পাশাপাশি তুঁত চাষিদের সরকারি সহায়তায় বিভিন্ন উপকরণ প্রদান করা হলেও বাস্তবে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
এরপর তিনি লালজুরি ব্লকের নবজয়পাড়ায় অবস্থিত তুঁত বাগান পরিদর্শন করেন। সেখানে তুঁত গাছের বৃদ্ধি ও ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর মতে, সঠিক পরিকল্পনা এবং সরকারি সহায়তার যথাযথ বাস্তবায়ন হলে তুঁত চাষ ও রেশমশিল্প গ্রামীণ অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত্তি হয়ে উঠতে পারে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে তেমনই আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন বহু পরিবার।
সরকারি প্রকল্পের সুফল যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, পাশাপাশি দপ্তরের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় থাকে, সেই লক্ষ্যেই মন্ত্রীর এই ধারাবাহিক মাঠপর্যায়ের পরিদর্শন বলে মনে করা হচ্ছে। তবে পরিদর্শনে উঠে আসা অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার।








