৫১টি আসনেই বিজেপির জয়ের দাবি মুখ্যমন্ত্রীর

প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর, ২০২৬: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার। প্রচারের ময়দানে এবার প্রধান মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার রাজধানীর ২০ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। এদিন শান্তিপাড়া এলাকার বিভিন্ন ভোটারের বাড়িতে গিয়ে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালান। তাঁর এই জনসংযোগ কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে ৫১টি আসনেই বিজেপি জয়লাভ করবে। এই জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত বলেও মন্তব্য করেন। তাঁর বক্তব্য, বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। রাজ্যের উন্নয়নে একমাত্র বিজেপি সরকারই কাজ করছে বলে দাবি করেন তিনি।

কংগ্রেস ও সিপিআইএমের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি সরকার ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, বরং কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। উন্নয়নমূলক কাজই সরকারের প্রধান হাতিয়ার।

এদিন উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছানোর পাশাপাশি দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালান মুখ্যমন্ত্রী। তাঁকে প্রচারে পেয়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment