অনলাইন ডেস্ক,০৯ নভেম্বর,২০২৬: রোগী কল্যাণ ও নিরাপত্তার বদলে ফের একবার দুর্ব্যবহারের গুরুতর অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল—জিবিপি (GBPIH)। হাসপাতালেরই বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে এক রোগীর পরিজন তরুণীকে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সোমবার সকালে জিবিপি হাসপাতালের মেডিসিন ব্লকের সামনে এই নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। প্রকাশ্য চত্বরে এমন অমানবিক আচরণে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ মানুষ ও অন্যান্য রোগীর পরিজনেরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত কয়েকদিন আগে পারিবারিক অশান্তির জেরে রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকার এক দিনমজুর বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিবিপি হাসপাতালের মেডিসিন ব্লকে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। সোমবার সকালে ওই রোগীর মেয়েকে হাসপাতালে রেখে তাঁর মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এক তরুণ হাসপাতালে আসেন। নিয়মানুযায়ী হাসপাতালে প্রবেশের কড়াকড়ি থাকায় নিরাপত্তাকর্মীরা রোগীর কাছে একজনের বেশি পরিজনকে প্রবেশ করতে বাধা দেন।
অভিযোগ, রোগীর মেয়ে হাসপাতালে উপস্থিত থাকলেও তিনি অসুস্থ বাবার সঠিক বেড নম্বর জানতেন না। তাই দাদাকে চিনিয়ে দেওয়ার জন্য তিনি নিজের মাকেও সঙ্গে নিয়ে ভেতরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু ডিউটিরত বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মীরা সেই অনুরোধে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি চরমে পৌঁছায় যখন প্রতিবাদস্বরূপ ওই যুবক নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করতে যান। অভিযোগ, সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর ওই যুবকের বোনও নিজের মোবাইল ক্যামেরায় ঘটনার দৃশ্য রেকর্ড করার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রায় ৫-৬ জন বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মী একযোগে ওই তরুণীকে ঘিরে ধরে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। উভয়ের ধস্তাধস্তির একপর্যায়ে ওই তরুণীকে মাটিতে ফেলে দিয়ে তাঁর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার মতো চরম অমানবিক ও হিংসাত্মক কাণ্ড ঘটান নিরাপত্তাকর্মীরা। প্রকাশ্য হাসপাতালে এমন দৃশ্য দেখে আশেপাশের লোকজন ক্ষোভে ফেটে পড়েন এবং তীব্র প্রতিবাদ জানান। জনগণের সম্মিলিত প্রতিবাদের মুখেই শেষ পর্যন্ত ওই তরুণীকে ছেড়ে দিতে বাধ্য হন অভিযুক্ত নিরাপত্তাকর্মীরা।
ঘটনার পর কান্নায় ভেঙে পড়া আক্রান্ত তরুণী চরম ক্ষোভ প্রকাশ করে জানান, উপস্থিত সাধারণ মানুষ যদি সময়মতো প্রতিবাদ না করতেন, তবে তাঁকে আরও অনেকটা পথ মাটিতে ফেলে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হতো। বাবার চিকিৎসার খোঁজ নিতে এসে এভাবে প্রকাশ্য রাজপথে কিংবা হাসপাতালের চত্বরে হেনস্তার শিকার হতে হবে, তা তিনি বিন্দুমাত্র কল্পনাও করতে পারেননি।
এদিকে, রাজ্যের প্রধান এই চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীর পরিজনদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের এহেন বর্বরোচিত আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন বুদ্ধিজীবী মহল ও সাধারণ মানুষ। তাঁদের সাফ কথা, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা জরুরি, তবে তার অর্থ এই নয় যে আইন নিজের হাতে তুলে নিয়ে রোগীর পরিজনদের ওপর শারীরিক নির্যাতন চালানো হবে। নিয়ম বোঝানোর নামে একজন মহিলার সঙ্গে এমন পাশবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই লঙ্কাকাণ্ডকে কেন্দ্র করে জিবিপি হাসপাতালের মেডিসিন ব্লক চত্বরে দীর্ঘক্ষণ চরম উত্তেজনা বজায় থাকে। শেষ পর্যন্ত খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি এজেন্সির ভূমিকা এবং কর্মীদের মানসিকতা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যেখানে আর্তের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার কথা হাসপাতালের, সেখানে রোগীর পরিজনেরাই যদি পদে পদে হেনস্তার শিকার হন, তবে সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা ও সম্মান রক্ষা করবে কে—সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।








