অনলাইন ডেস্ক,০৯ নভেম্বর,২০২৬: রাজনৈতিক মতপার্থক্য ও দলীয় হানাহানি দূরে সরিয়ে রেখে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা তথা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা। একই সঙ্গে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-র জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক জল্পনা না করে সকলকে সংযত থাকার বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে প্রদ্যোত দেববর্মা টিটিএএডিসি-র জমি সংক্রান্ত স্পর্শকাতর বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তাঁর মতে, কোনো ধরনের আগাম সিদ্ধান্তে না পৌঁছে বা বিতর্ক তৈরি না করে, গঠিত ওই কমিটিকে স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারকে সুপারিশ জমা দেওয়ার জন্য কমিটিকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাই কমিটির চূড়ান্ত রিপোর্ট বা সুপারিশ জমা পড়ার আগে এই নিয়ে আগাম কোনো মন্তব্য করা বা জলঘোলা করা মোটেও সমীচীন হবে না।
কমিটির রিপোর্ট আসার পরই তাঁদের দল পরবর্তী রাজনৈতিক বা প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট করে দেন প্রদ্যোত। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, যে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ এবং অধিকার সুরক্ষাটাই সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।
অতীতে কী হয়েছে তা নিয়ে পড়ে না থেকে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর জোর দিয়ে প্রদ্যোত বলেন, “অতীতের তিক্ততার দিকে না তাকিয়ে আমাদের সামগ্রিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের সুরক্ষা এবং ত্রিপুরার আমজনতার অধিকার সুনিহত করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সেইসঙ্গে আমাদের এটাও নিশ্চিত করতে হবে, যাতে কোনো নাগরিক অযথা কোনো রকম বড় সমস্যার মুখে না পড়েন।”
তাঁর অভিমত, সারাক্ষণ রাজনৈতিক মতপার্থক্য ও কোন্দল নিয়ে ব্যস্ত থাকলে সমাজে অপ্রয়োজনীয় বিভাজন ও দূরত্ব তৈরি হয়, যা রাজ্যের উন্নয়নের অন্তরায়। তাই ত্রিপুরার সার্বিক সমস্যা সমাধানে দলীয় সীমানার ঊর্ধ্বে উঠে সমস্ত পক্ষকে আরও বেশি গঠনমূলক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিপ্রা মথার এই শীর্ষ নেতা।
সামনে থাকা বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভ উৎসবের প্রসঙ্গ টেনে প্রদ্যোত বলেন, এই আনন্দ ও মিলনের মরশুমে সমস্ত রাজনৈতিক বিভেদ, বিতর্ক এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাজ্যে একটি সুদৃঢ় সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। দিনশেষে রাজনৈতিক উচ্চাশা বা মতপার্থক্যের চেয়ে ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা, সার্বিক কল্যাণ ও মৌলিক অধিকার সুরক্ষাই সবার আগে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।








