প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৬: ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের এক লিডিং ফায়ারম্যান। আহত কর্মীর নাম বুদ্ধদেব শর্মা।
দুর্ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জের সোনামুড়া চৌমুহনী সংলগ্ন সুগনি এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ডিউটিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সুগনি এলাকায় একটি দোকানে টিফিন সেরে স্কুটিতে উঠছিলেন বুদ্ধদেববাবু। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি ১২ চাকার লরি তাঁকে সজোরে ধাক্কা মারে। লরির ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই ফায়ার সার্ভিস কর্মী।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনায় জড়িত ১২ চাকার লরিটি এবং তার চালককে আটক করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে একজন কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মীর এমন দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








