প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৬: আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচারে ক্রমশ সরগরম হয়ে উঠেছে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ড। এই ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিমানী চৌধুরী দেবনাথ। তাঁকে জয়ী করার লক্ষ্যে এলাকায় জোরকদমে চলছে নির্বাচনী প্রচার।
এরই অঙ্গ হিসেবে আজ প্রার্থী হিমানী চৌধুরী দেবনাথ দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও প্রচার চালান। প্রচার চলাকালীন সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান প্রার্থী। তাঁর কথায়, এলাকার ভোটারদের উৎসাহ ও সহযোগিতায় তিনি যথেষ্ট আশাবাদী।
অন্যদিকে, বিজেপির প্রচারে উপস্থিত ছিলেন সিপাহীজলা বিশালগড় জেলার মাইনরিটি মোর্চার নর্থ ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি তথা প্রদেশ নিযুক্ত প্রভারী রুহুল আলম। তিনি জানান, প্রভারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিমানী চৌধুরী দেবনাথকে সঙ্গে নিয়ে উপজাতি অধ্যুষিত মহল্লায় নির্বাচনী প্রচারে অংশ নেন। তাঁর দাবি, উপজাতি পাড়ার বাসিন্দাদের কাছ থেকেও প্রার্থীর প্রতি যথেষ্ট উৎসাহ ও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।








