প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: বক্সনগরের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের রাজ্যের সীমান্ত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ। ভারত-বাংলা সীমান্ত ও পাচার বাণিজ্য নিয়ে যখন রাজ্যজুড়ে শোরগোল, গোটা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন মহলে যখন ভারত-বাংলা সীমান্ত এবং লাগামহীন পাচার বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক সেই সময়ই পাচারকারীদের নৃশংসতার শিকার হলেন এক স্থানীয় যুবক।
কী ঘটেছিল সীমান্ত এলাকায়? স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, সম্প্রতি ভারতের ভূখণ্ড থেকে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচার করা হচ্ছিল। কমলা সাগর বিধানসভার কামথানা কইয়াঢেপা সীমান্ত দিয়ে এই পাচারকার্য চালাচ্ছিল আলামিন মিঞা, সবুজ রহমান এবং তার এক ভাই—এমনটাই দাবি স্থানীয়দের। ঠিক সেই সময় সীমান্তে কড়া প্রতিবাদ জানান স্থানীয় যুবক সোহেল আলম। এমন অবস্থায় পাচারকারীরা সাময়িকভাবে গরু নিয়ে পিছু হটতে বাধ্য হয়।
কিন্তু আসল সংঘাত বাঁধে এর কিছুক্ষণ পরেই। অভিযোগ, একা পেয়ে সোহেলের ছোট ভাই জুয়েলকে ধরে বেধড়ক মারধর করে ওই তিন পাচারকারীরা। এখানেই শেষ নয়, জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করারও চেষ্টা করা হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জখম জুয়েল। এই বর্বরোচিত ঘটনার পর জখম জুয়েলের পরিবার মধুপুর থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত মামলা দায়ের করেছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—মধুপুর থানার পুলিশ এই দুষ্কৃতী ও পাচারকারীদের বিরুদ্ধে ঠিক কী ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করে?
উল্লেখ্য, এর আগেও কইয়াডেপা ভারত-বাংলা সীমান্ত এলাকা নিয়ে একাধিক চাঞ্চল্যকর খবর ও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলেও মধুপুর থানার ভূমিকা নিয়ে রহস্যজনক নীরবতা বজায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণে জনমানসে ক্ষোভ এখন ক্রমেই বেড়েই চলেছে।








