প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: উৎসবমুখর পরিবেশে বিলোনিয়া পৌর পরিষদের নির্বাচনে ১৭টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিলোনিয়া জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।
দলীয় পতাকা, বিভিন্ন রঙের বেলুন, ব্যানার, দলীয় সংগীত ও ব্যান্ড পার্টির সমন্বয়ে মিছিলটি এক উৎসবমুখর রূপ ধারণ করে। বিজেপি মনোনীত প্রার্থীদের পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দলীয় সংগীত ও ব্যান্ডের তালে তালে নৃত্যে মাতেন দলীয় কর্মী-সমর্থকরা। মিছিলে জেলা, মণ্ডল ও বুথ স্তরের নেতৃত্বসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বর্ণাঢ্য এই মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপির প্রাক্তন যুব মোর্চা সভাপতি নবাদল বণিক, জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল, প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য, জেলা সাধারণ সম্পাদক বিপ্লব সেনসহ দলের অন্যান্য নেতৃত্ব।
মিছিলটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানার কর্নার এলাকায় এসে শেষ হয়। এরপর ১৭টি ওয়ার্ডের মনোনীত প্রার্থীরা তাঁদের প্রস্তাবকদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় মন্ত্রী টিংকু রায়, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিকসহ বিজেপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
১৭টি ওয়ার্ডেই প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে বিলোনিয়া পৌর পরিষদের নির্বাচনী লড়াইয়ে বিজেপি তাদের সাংগঠনিক প্রস্তুতির আনুষ্ঠানিক বার্তা দিল।








