প্রগতি ত্রিপুরা, ৩ নভেম্বর, ২০২৬: বক্সনগর বিধানসভা কেন্দ্রের কলমচৌড়া থানার অন্তর্গত আশাবাড়ি গ্রামে বিএসএফ জওয়ানদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) নেতা জিতেন্দ্র চৌধুরী। ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক বলে অভিহিত করে তিনি এর তীব্র নিন্দা জানান।
এক বিবৃতিতে জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশের সীমান্ত রক্ষার গুরুদায়িত্ব পালন করেন বিএসএফ জওয়ানরা। তাঁদের সতর্কতা ও নিরলস প্রচেষ্টার ফলেই দেশের সীমান্ত সুরক্ষিত থাকে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারেন। অথচ সোনামুড়ার কলমচৌড়া এলাকায় তাঁদের আক্রান্ত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পাচার ও সীমান্ত বাণিজ্য সংক্রান্ত কার্যকলাপ চলছে। অভিযোগ, কয়েকজন পাচারকারীকে ধাওয়া করার সময় বিএসএফ জওয়ানরা এক নিরীহ যুবককে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
বিরোধী দলনেতা আরও প্রশ্ন তোলেন, কলমচৌড়া থানা এলাকায় প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর এ ধরনের ঘটনা কেন ঘটছে? আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের দায়িত্ব রাজ্য সরকারের। তা সত্ত্বেও কেন বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তার জবাব রাজ্য সরকারকে দিতে হবে।
তিনি অভিযোগ করেন, শাসকদলের মদত ও আশ্রয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় অপরাধীরা অনেক সময় আইনের আওতা থেকে রেহাই পেয়ে যাচ্ছে। ফলে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
সিপিআই(এম)-এর পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাধারণ ও নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়ে
ছে।








