আশাবাড়িতে রণক্ষেত্রের চেহারা, বিএসএফের তিন জওয়ানসহ আহত একাধিক

প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর,২০২৬: কলমচৌড়া থানাধীন আশাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ান ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবারের এই ঘটনায় তিন বিএসএফ জওয়ানসহ একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত জওয়ানদের প্রথমে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সূত্রপাত সোমবার সকাল আনুমানিক ১০টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন নতুন বাজার সড়কের পাশে জঙ্গল পরিষ্কারের কাজ চলাকালীন শাহাজান মিয়ার ছেলে হেফজুর রহমানকে সন্দেহের ভিত্তিতে আটক করেন বিএসএফ জওয়ানরা। স্থানীয়দের অভিযোগ, আটক অবস্থায় তাঁকে মারধর করা হয়, যার ফলে তাঁর একটি পা ভেঙে যায়।

এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা নতুন বাজার সংলগ্ন আশাবাড়ি-রহিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরই মধ্যে রহিমপুরের দিক থেকে ৪৯ নম্বর ব্যাটালিয়নের TR-01-AL-1051 নম্বরের একটি বিএসএফের গাড়ি বক্সনগরের দিকে যাওয়ার সময় অবরোধকারীদের সামনে পড়ে। গাড়িটিতে কোম্পানি কমান্ডার রোহিত, চালক সুনীল কুমার এবং জওয়ান মঞ্জিত ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ, উত্তেজিত জনতা লাঠি ও বাঁশ নিয়ে বিএসএফের গাড়িতে থাকা জওয়ানদের ওপর চড়াও হয়। এতে তিন জওয়ান আহত হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আশাবাড়ি বিএসএফের বিওপি এবং কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত জওয়ানদের প্রথমে বক্সনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের তরফেই থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, এই সংঘর্ষের পর আশাবাড়ি এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ এবং সংঘর্ষের প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পেছনে কোনও পাচারচক্রের যোগসূত্র রয়েছে কি না, নাকি অন্য কোনও বিরোধ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

Leave a Comment