রাইয়াবাড়িতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৬ বছরের কিশোর; আহত ২

প্রগতি ত্রিপুরা, ১৭ অক্টোবর: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ঘটনাকে কেন্দ্র করে রাইয়াবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাইয়াবাড়ি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুগনি জমাতিয়া (১৬) নামে এক কিশোরের। সে আঠারভোলা গড়িয়া একাডেমির ছাত্র ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত হন পূর্ণ কলই ও উত্তম বর্মন। পূর্ণ কলই দুর্ঘটনাগ্রস্ত একটি বাইকের পিছনের আসনে বসেছিলেন। অন্যদিকে, উত্তম বর্মন কিল্লা অগ্নিনির্বাপক দপ্তরে কর্মরত বলে জানা গেছে। আহত দু’জনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।

তবে কী কারণে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে। অল্প বয়সে সুগনি জমাতিয়ার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার-পরিজন ও পরিচিতরা।

Leave a Comment