প্রগতি ত্রিপুরা, ১৩ অক্টোবর, ২০২৬: ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং মহিলা কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতকরণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ট্রেস্প (TRESP)। প্রকল্পের কৃষি ও উদ্যানপালন PIU-এর উদ্যোগে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে গত ৮ ও ৯ অক্টোবর আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো দু’দিনের ফসল-পরবর্তী ব্যবস্থাপনা ও বিপণন প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় জেলা ও ব্লক স্তরের ৭৮ জন আধিকারিক ও সংশ্লিষ্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় ফসল কাটার পর সঠিক ব্যবস্থাপনা, পরিকল্পিত ফসল উৎপাদন, ক্লাস্টারভিত্তিক কৃষি উন্নয়ন, ডিজিটাল বিপণন এবং রপ্তানির সুযোগ-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। APEDA-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং উৎপাদক গোষ্ঠীগুলিকে সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করার বিষয়ে বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পোস্ট-হারভেস্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ বিপ্লব মজুমদার এবং TRESP-এর কৃষি বিশেষজ্ঞ সুব্রত শিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিকর্তা ড. পি. বি. জমাতিয়া।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি করে TRESP-এর আওতায় গঠিত মহিলা কৃষক উৎপাদক গোষ্ঠীগুলির (Producer Groups) জন্য আরও বিস্তৃত বাজার, সরাসরি বিক্রির সুযোগ এবং দীর্ঘমেয়াদি আয়ের পথ তৈরি করা। প্রশিক্ষণের মাধ্যমে মহিলা কৃষকদের উৎপাদিত পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি, বাজার সম্পর্কে সচেতনতা এবং বিপণন ব্যবস্থার সঙ্গে সংযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি, কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা এবং উৎপাদক গোষ্ঠীগুলিকে বাজারমুখী করে তোলার লক্ষ্যে TRESP-এর এই উদ্যোগ ত্রিপুরার কৃষি ও গ্রামীণ জীবিকার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।








