অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর, ২০২৬: খোয়াই জেলার পূর্ব জাম্বুরা এলাকার ৪৫ বছর বয়সী এক মহিলা প্রায় এক বছর ধরে জরায়ুর মারাত্মক বহির্গমনজনিত সমস্যায় ভুগছিলেন। এই সমস্যার কারণে তার প্রচুর রক্তপাতও হচ্ছিল। এ ধরনের সমস্যায় জরায়ু স্বাভাবিক অবস্থান থেকে নিচে নেমে যোনিপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে সিভিয়ার ইউটেরো-ভ্যাজাইনাল প্রোল্যাপস বলা হয়।
এই সমস্যা নিয়ে গত সেপ্টেম্বর মাসে ওই মহিলা খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অামাল্য দেববর্মার কাছে চিকিৎসার জন্য আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার সমস্যাটি শনাক্ত করেন এবং রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে খোয়াই জেলা হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৪ অক্টোবর, ২০২৬ তারিখে ডা. অ্যমাল্য দেববর্মার তত্ত্বাবধানে রোগী হাসপাতালে ভর্তি হন। পরদিন, ৫ অক্টোবর, চিকিৎসক দল তার অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচারটির চিকিৎসাবিজ্ঞানের নাম ভ্যাজাইনাল হিস্টেরেকটমি ও পেলভিক ফ্লোর রিপেয়ার। এই পদ্ধতিতে যোনিপথের মাধ্যমে জরায়ু অপসারণের পাশাপাশি শ্রোণিতলের দুর্বল অংশ মেরামত করা হয়। সম্পূর্ণ অস্ত্রোপচারটি সম্পন্ন করতে প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।
সম্পূর্ণ অস্ত্রোপচারটি আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। এই সফল অস্ত্রোপচারে নেতৃত্ব দেন খোয়াই জেলা হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অ্যমাল্য দেববর্মা। অ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. বিশ্বজিৎ দেববর্মা। অস্ত্রোপচার কক্ষে নার্সিং অফিসার ত্রিনময় দেববর্মা ও শ্যামলী দেববর্মা, ওটি সহকারী শান্ত কুমার ত্রিপুরা এবং জিডিএ কর্মী অরবিন্দ নমঃ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। মহিলার শারীরিক অবস্থা সন্তোষজনক থাকায় গত ১ অক্টোবর, তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এই প্রসঙ্গে খোয়াই জেলা হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অ্যমাল্য দেববর্মা মহিলাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জরায়ু বহির্গমনজনিত সমস্যা বা অন্য কোনো স্ত্রীরোগের লক্ষণ দেখা দিলে সংকোচ বা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো রোগ শনাক্তকরণ ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এ ধরনের সমস্যায় কার্যকর সমাধান সম্ভব। খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।








