রাস্তা মেরামতের দেড় কোটি টাকার টেন্ডার ঘিরে দুর্নীতির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসীরাই নামলেন কাজে

প্রগতি ত্রিপুর, ১২ অক্টোবর, ২০২৬: রাস্তা মেরামতের জন্য দেড় কোটি টাকার টেন্ডার জারি হলেও বাস্তবে রাস্তার কোনও উন্নয়ন হয়নি—এমনই অভিযোগ উঠেছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ধনছড়ি ও নেহালচন্দননগর যাওয়ার রাস্তা। এর ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটির বেহাল দশা অব্যাহত থাকলেও মেরামতের কোনও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। অথচ এই রাস্তার কাজের জন্য প্রায় দেড় কোটি টাকার টেন্ডার বের হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু সেই অর্থে আদৌ কোনও কাজ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। রাস্তা মেরামতের জন্য বরাদ্দ অর্থের ব্যবহার নিয়েও উঠছে নানা অভিযোগ। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আর কয়েক দিন পরেই শারদীয় দুর্গোৎসব। উৎসবের আগে রাস্তার বেহাল দশা দূর করার আশায় রবিবার দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের কাজে হাত লাগান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন তাঁরা।

এলাকাবাসীর এই উদ্যোগের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের প্রতি তাঁদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ্যে এসেছে। রাস্তা মেরামতের জন্য বরাদ্দ অর্থের প্রকৃত ব্যবহার কী হয়েছে, টেন্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে কি না এবং রাস্তার বর্তমান বেহাল অবস্থার জন্য দায়ী কে—এই প্রশ্নগুলির নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

এখন দেখার বিষয়, এই ঘটনা সামনে আসার পর রাজ্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Comment