প্রগতি ত্রিপুর, ১২ অক্টোবর, ২০২৬: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলিবাড়িতে রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের চারজনকে আটক করল যাত্রাপুর থানার পুলিশ। শনিবার রাতে ধূপছড়া পাড়া থেকে তাঁদের আটক করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন সোনামানিক ত্রিপুরা (২৯), বজেন্দ্র ত্রিপুরা (৩১), ভদ্র কুমার ত্রিপুরা (৩৮) এবং যাত্রাপদ ত্রিপুরা (৩৯)। তাঁদের সকলের বাড়ি ধূপছড়া পাড়ায়।
১১ অক্টোবর রাত সাড়ে আটটা নাগাদ যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও টিএসআর জওয়ানরা ধূপছড়া পাড়ায় অভিযান চালান। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানোর পর চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় এটি পুলিশের তৃতীয় দফার ধরপাকড় বলে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর রয়েছে যাত্রাপুর থানার পুলিশ।
এ বিষয়ে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে পুলিশ কোনওভাবেই হালকাভাবে দেখছে না। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এই ঘটনায় যাঁদের নামে মামলা রয়েছে, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে আগামী দিনেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলিবাড়িতে আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করছে।
তবে একের পর এক পুলিশি অভিযানের জেরে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে। ওসি জানিয়েছেন, আটক চারজনকে সোমবার সোনামুড়া আদালতে পেশ করা হবে।








