দুর্গাপূজা উপলক্ষে শান্তির বাজার থানায় বৈঠক

প্রগতি ত্রিপুরা, ০৭ অক্টোবর, ২০২৬: আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে শান্তির বাজার থানায় বিভিন্ন পূজা কমিটি, ক্লাব ও সামাজিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার শান্তির বাজার থানার উদ্যোগে আয়োজিত এই সভায় পূজার সময় বিভিন্ন বিধিনিষেধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পূজার দিনগুলিতে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ থেকে শুরু করে বেরিয়ে যাওয়া পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও যান চলাচল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও পূজার সময় লাউডস্পিকার ব্যবহারের নির্ধারিত সময়সীমা, চাঁদা সংগ্রহের ক্ষেত্রে নিয়মকানুন, বাড়ি ও বাজার এলাকায় চাঁদা সংগ্রহে কতজন যেতে পারবেন এবং কতক্ষণ পর্যন্ত চাঁদা সংগ্রহ করা যাবে—এসব বিষয়েও পূজা কমিটির সদস্যদের অবহিত করা হয়।

শান্তির বাজার থানার পক্ষ থেকে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং দুর্গাপূজা আয়োজকদের সরকারি নির্দেশিকা ও বিধিনিষেধ মেনে চলার জন্য সচেতন করা হয়। পূজার দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, থানার সেকেন্ড ওসি এসআই সমীর বিশ্বাস-সহ পুলিশ আধিকারিকরা।

আলোচনা সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও বিধিনিষেধ সম্পর্কে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। তিনি সকল পূজা কমিটি ও সাধারণ মানুষকে প্রশাসনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

Leave a Comment