১৯৩ কেজি গাঁজা বোঝাই গাড়ি সহ দুই জনকে আটক করে ধর্মনগর থানার পুলিশ!

প্রগতি ত্রিপুরা, ০৭ অক্টোবর, ২০২৬: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। বুধবার বিকেলে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে একটি চারচাকা মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মীনা দেববর্মার নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে আনন্দবাজার এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় আগরতলা থেকে ধর্মনগরের দিকে আসা একটি চারচাকা মালবাহী গাড়িকে সন্দেহ হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িটির নম্বর TR01BC1518।

তল্লাশির সময় গাড়ির ভিতরে রাখা কালো প্লাস্টিকের ট্রেগুলির নিচে একটি বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পান পুলিশকর্মীরা। সেই চেম্বার খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পুলিশ জানায়, মোট ২০টি বান্ডিলে গাঁজাগুলি গাড়ির গোপন কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল। গাঁজা পাচারের উদ্দেশ্যেই গাড়িতে বিশেষ কায়দায় ওই গোপন চেম্বার তৈরি করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা হলেন আগরতলার রামনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে জোলাল উদ্দিন এবং আগরতলা বর্ডার গোল চক্কর এলাকার মুখলেস মিয়ার ছেলে মমিন মিয়া।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ২০ থেকে ২৫ লক্ষ টাকা। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় ধর্মনগর থানায় তদন্ত শুরু হয়েছে।

গাঁজাগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। আটক দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া গাঁজাকে ঘিরে পরবর্তী আইনানুগ প্রক্রিয়াও শুরু হয়েছে।

Leave a Comment