প্রগতি ত্রিপুরা , ০৪ অক্টোবর, ২০২৬: বর্তমান সমাজে নানা অনিয়ম ও স্বার্থপরতার মধ্যেও সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন উদয়পুরের এক অটোরিকশাচালক। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় ৮০ হাজার টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন অটোরিকশাচালক আক্তার হোসেন।
জানা যায়, শনিবার রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর উদয়পুরের রমেশ চৌমুহনী থেকে একটি অটোরিকশায় ওঠেন। তাঁর গন্তব্য ছিল কাকরাবন মোটরস্ট্যান্ড। রাত প্রায় ৯টা নাগাদ সেখানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত পেছনের আসনে নিজের একটি ব্যাগ ফেলে যান তিনি।
পরদিন রবিবার সকালে উদয়পুরের রাজধরনগর এলাকার অটোরিকশাচালক আক্তার হোসেন নিজের গাড়ি পরিষ্কার করার সময় পেছনের আসনে ব্যাগটি দেখতে পান। ব্যাগটি কার, তা জানতে খুলে দেখার পর তাঁর নজরে আসে বিপুল পরিমাণ নগদ টাকা। গুনে প্রায় ৮০ হাজার টাকা পাওয়া যায় বলে জানা গেছে।
এরপর ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন আক্তার। ব্যাগের ভিতরে থাকা একটি ফোন নম্বরের সূত্র ধরে যোগাযোগ করেন তিনি। ফোনে যোগাযোগের পর জানা যায়, ব্যাগটি মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধরের। ব্যাগ হারিয়ে যাওয়ায় ইতিমধ্যেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি।
পরবর্তীতে রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ মেলাঘর থেকে উদয়পুরে আসেন রতন সূত্রধর। পরে রাজারবাগ-গর্জনমুড়া অটোরিকশা স্ট্যান্ডে স্থানীয় শ্রমিক ও অটোরিকশাচালকদের উপস্থিতিতে আক্তার হোসেন তাঁর হাতে হারিয়ে যাওয়া ব্যাগটি তুলে দেন।
প্রায় ৮০ হাজার টাকা থাকা ব্যাগটি ফেরত দেওয়ার ঘটনায় অটোরিকশাচালক আক্তার হোসেনের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ। তাঁদের মতে, পেশা বা আর্থিক অবস্থান নয়, মানুষের প্রকৃত পরিচয় তাঁর নৈতিকতা ও মানবিক মূল্যবোধে। আক্তার হোসেনের এই উদ্যোগ সমাজে সততা ও মানবিকতার ইতিবাচক বার্তা বহন করছে।








