গণনাকে ঘিরে বোকাফা ব্লকে সর্বদলীয় বৈঠক, শান্তিপূর্ণ গণনা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে একাধিক সিদ্ধান্ত

প্রগতি ত্রিপুরা, ০৩ অক্টোবর, ২০২৬: আগামী ৫ অক্টোবর ত্রিপুরায় এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনের গণনা ও ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বোকাফা ব্লকে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। গণনার দিন যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই শনিবার সন্ধ্যা ৫টায় বোকাফা ব্লকের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়।

রিটার্নিং অফিসার তথা বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পালের উদ্যোগে আয়োজিত বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণনার সময় কোন কোন ব্যালট পেপার বৈধ হিসেবে গণ্য হবে এবং কোন ক্ষেত্রে ব্যালট বাতিল বা রিজেক্ট করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ, নিরাপত্তা ব্যবস্থা এবং গণনা শেষে ফল প্রকাশের পর কোনও ধরনের জমায়েত না করার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। রিটার্নিং অফিসার মনোজ পাল গণনা প্রক্রিয়ার বিভিন্ন নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করেন। তাঁর বক্তব্যের পর আলোচ্য বিষয়গুলিতে উপস্থিত প্রতিনিধিরা সহমত পোষণ করেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। তিনি গণনার দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি আইনি বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করেন শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত এবং মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস।

উল্লেখ্য, রিটার্নিং অফিসার মনোজ পালের নেতৃত্বে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এবার একইভাবে নির্ধারিত দিনে নির্বিঘ্নে গণনা ও ফলাফল প্রকাশ হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং প্রশাসনের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার মনোজ পাল। তাঁর নেতৃত্বে আয়োজিত সর্বদলীয় বৈঠকটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

Leave a Comment