অনলাইন ডেস্ক, ০৩ অক্টোবর, ২০২৬: দুর্গাপূজাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের নামে সাধারণ মানুষের ওপর জোরজুলুম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। চাঁদাবাজির প্রবণতাকে ক্যানসারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই ধরনের অবৈধ কর্মকাণ্ড সমাজ ও প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চাঁদাবাজি ও জোরজুলুমের বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি স্বরাষ্ট্র সচিবের কাছেও পাঠানো হয়েছে। তিনি ডিজিপির সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজা কিংবা অন্য কোনও উৎসবকে কেন্দ্র করে রাস্তায় বা ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের প্রবণতা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রাক্-পূজা বৈঠক এবং প্রশাসনিক সভাগুলিতে এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও কিছু ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হচ্ছে। বিশেষ করে কিছু ক্লাব বা সামাজিক সংগঠনের অতিরিক্ত উৎসাহী সদস্যদের বিরুদ্ধে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিন জিবি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের পরিষেবা যাতে ব্যাহত না হয় এবং সাধারণ রোগীরা যাতে সমস্যায় না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সাধারণ মানুষ যাতে কোনও ধরনের জোরজুলুম বা অবৈধ চাঁদার চাপে না পড়েন, তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








