প্রগতি ত্রিপুরা, ২০ সেপ্টেম্বর, ২০২৬: দুর্গম ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করল আসাম রাইফেলস। আসাম রাইফেলস সিভিক অ্যাকশন প্রোগ্রাম (AR CAP) ২০২৬-২৭-এর আওতায় ডিমা হাসাও জেলার লাইসং এলাকায় দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয় ১৯ সেপ্টেম্বর।
শিবিরে লাইসং, লেইকে এবং সংলগ্ন গ্রামের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
এর আগে ৭ সেপ্টেম্বর হাজাইচাকে প্রথম পর্যায়ের স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছিল। ওই শিবিরে হাজাইচক, হেরেলেও এবং আশপাশের এলাকার বাসিন্দারা চিকিৎসা পরিষেবা পান।
দুই পর্যায়ের স্বাস্থ্যশিবির মিলিয়ে প্রায় ৫০০ জন গ্রামবাসী উপকৃত হয়েছেন বলে আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্গম এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।
আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।








