সীমান্ত এলাকা থেকে ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ২০ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরার সোনামুড়া মহকুমার পাহাড়পুর সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও তল্লাশি চালানোর সময় পাহাড়পুর বর্ডার রোড এবং শ্রীমন্তপুর সংলগ্ন সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে লুকিয়ে রাখা গাঁজার সন্ধান মেলে। সীমান্ত সড়কের পাশের ঝোপঝাড়ের আড়ালে মাদকদ্রব্যগুলি মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে সেগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের অনুমান।

পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮১ ব্যাটালিয়ন বিএসএফ এবং শ্রীমন্তপুর বিওপির জওয়ানরা অংশ নেন। ঘটনার পর সোনামুড়া থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া মাদকের সঙ্গে কারা জড়িত এবং এর মূল মালিক কে, তা চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment